Print Date & Time : 08 November 2026 Sunday 01:40 pm

বিরোধ কাটছে, জোড়া সিরিজ খেলতে কবে আসবে ভারত?

image

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশের মাটিতে দুটি সীমিত ওভারের সিরিজ খেলতে দেখা যেতে পারে রোহিত-কোহলিদের।

ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস তাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের।

তবে সফরটি আয়োজন নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কারণ, আগামী ৩ থেকে ৯ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ভারতের। এরপর ২১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা। ফলে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ সফরের সময় বের করা কঠিন হতে পারে। এ ক্ষেত্রে জিম্বাবুয়ে সিরিজ পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

একসময় ভারত ও বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছিল ক্রিকেটেও। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবালও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

সম্প্রতি প্রথম আলোকে তামিম জানিয়েছেন, সিরিজ আয়োজনের সম্ভাব্য সময় বের করতে দুই দেশের বোর্ড আলোচনা করছে। ভারত বাংলাদেশে খেলতে আসবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, ২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ভারত। নতুন এই সিরিজ আয়োজন সম্ভব হলে পুরোনো হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে টিম ইন্ডিয়া।

জা.অর্থনীতি/এসআই