Print Date & Time : 08 November 2026 Sunday 05:44 pm

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে

image

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। এছাড়া কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু মারা গেছে।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে একই পরিবারের একাধিক সদস্যসহ ৭ বাংলাদেশির মৃত্যুতে স্বজন, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

—জা.অর্থনীতি/এনজে