Print Date & Time : 07 November 2026 Saturday 03:39 pm

সদস্যপদ স্থগিতে যা জানালেন তিশা

image

জাতীয় অর্থনীতি বিনোদন: শুটিং সেটে মারধরের অভিযোগের জেরে অভিনয়ে সাময়িক নিষেধাজ্ঞা ও সদস্যপদ স্থগিত হওয়ার পর লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়শিল্পী সংঘের এই সিদ্ধান্তের বিষয়ে লাইভে নানা কথা বলেন তিনি।

সম্প্রতি শুটিং সেটের বিরোধ ও সালিশ বৈঠকের প্রসঙ্গ টেনে তিশা জানান, দুই পক্ষকে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিতে বলা হলেও তা কার্যকর হয়নি। নিয়মের ব্যত্যয় ঘটার কারণেই মূলত তার সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। তবে পুরো ঘটনার সঠিক চিত্র দর্শকরাই ভালো বুঝতে পারবেন বলে মন্তব্য করেন অভিনেত্রী।

সাংগঠনিক বিষয় প্রকাশ্যে না এনে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানের পক্ষে মত দিয়ে তিশা আরও বলেন, গত এক বছরে শাড়ি-কাণ্ডসহ বিভিন্ন বিতর্কের মুখোমুখি হলেও তিনি থেমে থাকেননি। নিজের সততার ওপর পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, তিনি কোনো ভুল করেননি এবং সঠিক সময়ের অপেক্ষায় আছেন।

উল্লেখ্য, গত মার্চে মানিকগঞ্জে নাটকের শুটিং চলাকালীন সামিয়া অথৈর সঙ্গে তিশার বিরোধের সূত্রপাত হয়েছিল। তানজিন তিশা ও সামিয়া অথৈকে ৪ অক্টোবর সদস্যপদ স্থগিতের পৃথক পৃথক চিঠি পাঠায় অভিনয়শিল্পী সংঘ।

জা. অর্থনীতি/এআর