জাতীয় অর্থনীতি ডেস্ক: সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলা ও উপজেলায় আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। জেলা প্রশাসন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
সিলেট প্রতিনিধি জানান, সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেছেন, ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি সরকারকে এমন একটি জনবান্ধব সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যেখানে মানুষ প্রকৃত অর্থেই সেবা পাবে। মন্ত্রী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার আকাঙ্ক্ষা নতুন করে প্রতিষ্ঠিত হয়েছিল। জিয়াউর রহমান মানুষের মধ্যে জাতীয়তাবোধ ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিলেন। সীমিত সম্পদ ও নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের এগিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে- তিনি তা প্রমাণ করেছিলেন।
নীলফামারী প্রতিনিধি জানান, জেলা প্রশাসন ও জেলা বিএনপির উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হয়। জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, জজ আদালতের সরকারি কৌঁসুলি আবু মোহাম্মদ সোয়েম ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন। অন্যদিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও সিভিল সার্জন মো. আমিনুল ইসলাম। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে বদলগাছীতেও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
কিশোরগঞ্জ জেলার ইটনা ও তাড়াইল প্রতিনিধি জানান, জেলার ইটনা ও তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অন্যদিকে তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা বক্তব্য দেন। এ সময় বক্তারা জাতীয় ঐক্য, গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দিবসটির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া হোসেনপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইউসুফ আলী।
পাবনা প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবু আশরাফ এবং জেলা পরিষদের প্রশাসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।
পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলা বিএনপির উদ্যোগে পৃথক দুটি শোভাযাত্রা বের করা হয়। একটি শোভাযাত্রায় নেতৃত্ব দেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী-সমর্থিত মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া। অন্যটিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বক্তব্য দেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি সব সময় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছে। পরে তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি বের করেন।
গাজীপুর প্রতিনিধি জানান, জেলা বিএনপির উদ্যোগে শনিবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু। অন্যদিকে গতকাল শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এতে প্রধান অতিথি ছিলেন।
শেরপুর প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ জেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।