Print Date & Time : 07 November 2026 Saturday 07:13 pm

জামালপুরে টিসিবির পণ্য চুরির অভিযোগ

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে টিসিবির পণ্য বিতরণের জন্য মজুত রাখা একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ পণ্য চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পণ্য বিতরণকারী ডিলার মো. বিপ্লব শেখ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা বাজারে ভাড়া নেওয়া একটি গোডাউনে টিসিবির কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য সয়াবিন তেল, মসুর ডাল, লবণ ও চিনি মজুত রাখা হয়েছিল। গত ৫ ও ৬ নভেম্বর এসব পণ্য বিতরণের পর অবশিষ্ট পণ্য গোডাউনে রেখে তালাবদ্ধ করে বাড়িতে যান ডিলার।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পণ্য বিতরণের জন্য গোডাউনে গিয়ে তিনি দেখতে পান, সেখানে চুরির ঘটনা ঘটেছে।

অভিযোগে বলা হয়, গোডাউন থেকে ১০ কার্টন সয়াবিন তেল, যার পরিমাণ ১৮০ লিটার, ২৪ কেজি লবণ ও এক বস্তা চিনি চুরি হয়েছে। চুরি হওয়া এসব পণ্যের আনুমানিক মূল্য ৪০ হাজার ১৭৬ টাকা।

ডিলার বিল্পব শেখের দাবি, গত ৬ নভেম্বর বিকেল ৫টা থেকে ৭ নভেম্বর সকাল সাড়ে ৯টার মধ্যে যেকোনো একসময় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন চোর গোডাউনে প্রবেশ করে এসব পণ্য চুরি করে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া পণ্যের সন্ধান পাননি তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ডিলার।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

—জা.অর্থনীতি/এনজে