Print Date & Time : 07 November 2026 Saturday 06:16 pm

বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, যেভাবে পাবেন সুযোগ!

image

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন পূরণ হতে পারে বিনা খরচেই। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উদ্যোগে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে আয়োজন করা হয়েছে বিশেষ প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে লটারির মাধ্যমে নির্বাচিত হলে বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ পাবেন বিজয়ীরা।

ইন্দোনেশীয় সংবাদমাধ্যম দেতিক হিকমাহ গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গত ১ নভেম্বর মিসরের সংবাদমাধ্যম আল-ওয়াতানও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১ নভেম্বর প্রতিযোগিতাটি শুরু হয়েছে। এতে পুরস্কার হিসেবে রাখা হয়েছে ১০০টি ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি। প্রতিটি প্যাকেজে দুজনের ওমরাহ পালনের ব্যবস্থা থাকবে। এর মধ্যে রয়েছে ওমরাহ ভিসা, বিমান টিকিট এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন। পাশাপাশি বিজয়ীরা পাবেন ২০ কার্টন জমজমের পানি।

যেভাবে অংশ নেবেন

প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে নুসুক অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। আগে অ্যাকাউন্ট থাকলে লগইন করলেই চলবে। এরপর ‘Start the Challenge’ অপশনে ক্লিক করে চারটি বিভাগের যেকোনো একটি বেছে নিতে হবে। বিভাগগুলো হলো-নবীজির জীবনী, পবিত্র কোরআন, মক্কা ও মসজিদুল হারাম এবং মদিনা ও মসজিদে নববি।

নির্বাচিত বিভাগ থেকে করা প্রশ্নের সঠিক উত্তর দিলে প্রতিযোগীর নাম লটারিতে যুক্ত হবে। প্রতিদিন একটি করে চাবি দেওয়া হবে। বন্ধু ও স্বজনদের সঙ্গে প্রতিযোগিতার লিংক শেয়ার করে অতিরিক্ত চাবিও পাওয়া যাবে। প্রতিদিন রাতে সৌদি স্থানীয় সময় অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

তবে প্রতিযোগিতার শেষ তারিখ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য রয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

অ্যাপ ডাউনলোড: https://onelink.to/nusuk

জা.অর্থনীতি/এসআই