Print Date & Time : 07 November 2026 Saturday 02:29 am

শ্রমিক অসন্তোষ স্বাভাবিক না হলে ‘কাজ নেই, বেতন নেই’ নীতি কার্যকরের হুঁশিয়ারি

image

জাতীয় অর্থনীতি অনলাইন: শনিবারের মধ্যে চলমান শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের পরিস্থিতি স্বাভাবিক না হলে পোশাক তৈরি কারখানাগুলোতে ‘কাজ নেই, বেতন নেই’ (নো ওয়ার্ক, নো পে) নীতি কার্যকর করতে পারেন বলে জানিয়েছেন মালিকরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কার্যালয়ে পোশাক রপ্তানিকারকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের নেতারা এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চান।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পোশাকশিল্পের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়বে।

বৈঠক সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকেও মালিকদের শনিবার পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে মজুরি বৃদ্ধির দাবির আড়ালে যারা অস্থিরতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়।

শনিবারের মধ্যে পরিস্থিতির স্বাভাবিক না হলে এবং শ্রমিকরা কাজে সহযোগিতা না করলে কারখানা মালিকরা ‘কাজ নেই, বেতন নেই’ নীতি ঘোষণা ও কার্যকর করতে পারেন বলে জানান বৈঠকে অংশ নেওয়া নেতারা।

পরিস্থিতির আরও অবনতি হলে সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্রে জানা যায়। একই সঙ্গে অস্থিরতায় জড়িত মালিক ও শ্রমিক—উভয় পক্ষের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

আয়োজিত এই জরুরি সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, কাজী মনিরুজ্জামান, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, রুবানা হক ও খন্দকার রফিকুল ইসলাম। এছাড়া সাবেক এফবিসিসিআই সভাপতি ও হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিম রহমান এবং সহ-সভাপতি রেজওয়ান সেলিমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহ-সভাপতি অমল পোদ্দার ও পরিচালক সালাহউদ্দিন আহমেদও বৈঠকে অংশ নেন।

—জা. অর্থনীতি/এএইচএ