বিনোদন ডেস্ক: সৌদি আরবের মতো ইসলামপ্রধান দেশেও এবার দেখা মিলেছে হিন্দু ধর্মীয় মহাকাব্য রামায়ণভিত্তিক বলিউড সিনেমার প্রচারণার। দেশটির বিভিন্ন স্থানে সিনেমাটির পোস্টার প্রদর্শিত হওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ বিষয়টিকে ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক বিস্তার হিসেবে দেখছেন, আবার কেউ তুলেছেন ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রসঙ্গ।
ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবেও মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’। ইতোমধ্যে দেশটির বিভিন্ন সিনেপ্লেক্সে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে সিনেমার মুক্তির আগেই সৌদির রাস্তায় এর প্রচারণামূলক পোস্টার প্রদর্শনের বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে।
‘নিউজ ভারতী’সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন স্থানে রামায়ণের চরিত্রসংবলিত পোস্টার দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজরে আসে। এরপর থেকেই এ নিয়ে শুরু হয় আলোচনা।
নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি দুই পর্বের বড় বাজেটের চলচ্চিত্র প্রকল্প। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ।
প্রাচীন হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আগে থেকেই রয়েছে। ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রচারণা চলছে। পাকিস্তানের করাচিতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সিনেমাটি ঘিরে উদযাপনের খবরও সামনে এসেছে।
সৌদি আরবের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ায় দেশটির প্রকাশ্য স্থানে হিন্দু ধর্মীয় ঐতিহ্যের প্রতীকসংবলিত পোস্টার প্রদর্শনের বিষয়টি বাড়তি গুরুত্ব পেয়েছে। সব মিলিয়ে সিনেমাটির প্রচারণা ভিন্ন সংস্কৃতি ও আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে ভারতীয় সিনেমার প্রভাব নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জা.অর্থনীতি/এসআই