Print Date & Time : 07 November 2026 Saturday 03:48 am

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

image

পাবনা প্রতিনিধি: সুপরিকল্পিত ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ইউরেনিয়ামবাহী সুরক্ষিত বিশেষ গাড়িবহরটি কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে।

এর আগে, আগের দিন রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা প্রহরায় সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দেয় ইউরেনিয়ামবাহী কনভয়টি।

সংবেদনশীল এই পারমাণবিক জ্বালানি পরিবহনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন (এসআরবি) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিমানবন্দর থেকে শুরু করে পুরো সড়কপথজুড়ে এবং বিভিন্ন কৌশলগত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা ও বিশেষ প্রটোকলের মাধ্যমে সম্পন্ন করা হয় এই পরিবহন কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি ২০২৬ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এটি ইউরেনিয়ামের পঞ্চম চালান। এর আগে চলতি বছরের ৩ অক্টোবর থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত এবং দ্বিতীয় ইউনিটের জ্বালানি হিসেবে পর্যায়ক্রমে ইউরেনিয়ামের চালান আসা শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের চতুর্থ চালান এসে পৌঁছেছিল। রূপপুর প্রকল্পের শিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে নির্ধারিত জ্বালানি আসার এই প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।  

—জা. অর্থনীতি/এলএটি