Print Date & Time : 07 November 2026 Saturday 03:20 am

গণহত্যার জন্য অনুশোচনা না করা ব্যক্তিদের রাজনীতি করতে দেবে না জনগণ

image

জাতীয় অর্থনীতি, ঢাকা: গণহত্যায় জড়িত ব্যক্তিদের বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, যারা গণহত্যা চালানোর পরও দুঃখ প্রকাশ করেননি বা অনুশোচনা করেননি, তাদের এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ।

শুক্রবার (৬ নভেম্বর) ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে জুমার নামাজেও অংশ নেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'বাংলাদেশের মানুষ কোনোদিন গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করতে দেবে না। যারা গণহত্যা চালিয়ে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি, অনুশোচনা করেনি, অনুতপ্ত নয়, তারা কখনো এ দেশে এসে আর রাজনীতি করতে পারবে না।'

গত ১৭ বছরে আলেম-ওলামাদের ওপর নির্যাতন, মসজিদে হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা আলেম-ওলামাদের রক্ত ঝরিয়েছে, মসজিদকে রক্তাক্ত করেছে এবং মানুষকে মসজিদে বসে নামাজ আদায় করতে দেয়নি, সেই শক্তিকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না।

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টি না করে সরকারের গঠনমূলক সমালোচনা করা উচিত। সরকারকে অসহযোগিতা করা যেতে পারে, তবে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো কর্মসূচি নেওয়া উচিত নয়।

তিনি বলেন, সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সর্বত্র বিদ্যুতায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। এ জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে। একই সঙ্গে আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নেও কাজ করতে হবে।

সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে এই বিষয়টি আবারও ধারণ করা হবে। সংবিধানের শুরুতে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' রাখার কথাও বলেন তিনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে এই বিষয়টি যুক্ত করেছিলেন। তারা সেই রাজনৈতিক ধারার অনুসারী।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টায় সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

—জা.অর্থনীতি/আরএস