নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (৩৫) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মিজানুর রহমান ডোমার উপজেলার জোড়াবাড়ী সুইচগেট পূর্ব হলহলিয়া এলাকার মৃত জহরুল হক ফালুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে প্রতিবেশী হওয়ার সুবাদে শিশুটি মিজানুরের বাড়িতে খেলাধুলা করতে যায়। এই সুযোগে লম্পট মিজানুর শিশুটিকে চকলেটের ও টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি ধানখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে।
ভুক্তভোগী শিশুর বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার অবুঝ মেয়ের ওপর যে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে, আমরা তার ফাঁসি ও সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি চাই—যাতে এমন নৃশংস কাজ করার সাহস আর কেউ না পায়।"
ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে ডোমার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেফতার করে।
ডোমার থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, "প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং মেডিকেল রিপোর্ট হাতে পেলেই বিষয়টি আরও নিশ্চিতভাবে বলা যাবে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
—জা. অর্থনীতি/এলএটি