জাতীয় অর্থনীতি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির পাশে কেএম আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে গার্ড অব অনার শেষে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে।
এর আগে বিকেল ৪টা ৪১ মিনিটে জেলার নগরকান্দা উপজেলার সরকারি এমএন একাডেমির স্কুলমাঠে মরদেহবাহী হেলিকপ্টারটি অবতরণ করে। মেজর সোহেল আহমেদের নেতৃত্বে ১৫ আরই (রিভারনিং ইঞ্জিনিয়ারিং) ব্যাটালিয়নের পদ্মা সেনানিবাস ক্যাম্পের সদস্যরা মরদেহটি বুঝে নেন।
এরপর সেনাসদস্য তিতাসের মরদেহবাহী গাড়িটি তার গ্রামের বাড়ি উপজেলার লস্করদিয়া গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আশপাশ ভারী হয়ে ওঠে।
জানাজা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে ইউনিট অফিসার সাজিদ বলেন, ‘কথাটা বলতে আসলে কষ্ট হচ্ছে। তিতাসকে আমি যতটুকু জানি, ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। সে খুব সাহসী একটি ছেলে ছিল। গতকালের অপারেশনে আমিও উপস্থিত ছিলাম। সৈনিক তিতাস শেখ তার দেশের জন্য জীবন দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সবকিছুর জন্য দেশ যেমন তার কাছে ঋণী, বাংলাদেশ সেনাবাহিনীও তার কাছে ঋণী। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সবসময় আমরা তার পরিবারের পাশে থাকব।’
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বুকের বাঁ পাশে গুলি লাগে। পরে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
—জা.অর্থনীতি/আরএস