Print Date & Time : 07 November 2026 Saturday 02:10 am

বাংলাদেশে সব খুন-অন্যায়ের বিচার করা হবে

image

জাতীয় অর্থনীতি, ঢাকা: বিগত ফ্যাসিস্ট সময়ের সব খুন ও অন্যায়ের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।

তিনি বলেছেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে সব খুন, অন্যায় ও অবিচারের বিচার করা হবে।

শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যে রক্তাক্ত পথ ধরে আমরা এসেছি, সেই পথ অনেক পিচ্ছিল ছিল। বিগত ১৬ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে হারিয়েছি, যাদের ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। সাত শতাধিক সহযোদ্ধাকে হারিয়েছি, যাদের গুম করা হয়েছে। আমরা এ দেশের সব খুনের বিচার করতে চাই।

তিনি বলেন, যারা মারা গেছেন, তাদের স্বজনেরা এখনো নামাজ শেষে আল্লাহর কাছে কাঁদেন। ৬০ লাখের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছিল। তাদের অনেকেই ঘটনার ২০ বছর আগেই মারা গেছেন। জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের মাটিতে সব অন্যায়-অবিচারের বিচার করতে চাই। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

আইনজীবীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান বলেন, একটি সোনার বাংলাদেশ গড়ার ভিত্তি তৈরি করে দিয়ে যেতে চান তারা, যে পথ ধরে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। এ যাত্রায় আইনজীবীদেরও পাশে চান তারা। প্রতিটি কোম্পানিতে হিসাব নিরীক্ষার জন্য যেমন বাধ্যতামূলক অডিটর থাকেন, তেমনি প্রতিটি কোম্পানিতে একজন করে বাধ্যতামূলক আইনজীবী রাখার বিধান করতে চান তারা। এ জন্য কোম্পানি আইন পরিবর্তনের বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

তিনি আরও বলেন, আইনজীবীদের পেশাগত বিকাশের পাশাপাশি তাদের জ্ঞান, মেধা ও প্রজ্ঞা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। আইনজীবীদের প্রশিক্ষণের জন্য এ বছর ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন তিনি। দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় ৮০ হাজার আইনজীবীর প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় সরকার।

দেশে আইনজীবীর সংখ্যা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের ২০ কোটি মানুষের জন্য ৮০ হাজার আইনজীবী খুব বেশি নয়। তবে আইন পেশার মর্যাদা ও অবস্থান আরও উন্নত করার দায়িত্ব বর্তমান প্রজন্মের আইনজীবীদের নিতে হবে।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ইকবাল হোসেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি মো. ওমর ফারুক ফারুকী এবং ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কালাম খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. ইলতুৎমিশ সওদাগর (এ্যানী)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা।

—জা.অর্থনীতি/আরএস