Print Date & Time : 08 November 2026 Sunday 07:15 pm

প্রধানমন্ত্রীর খুলনা ও বাগেরহাট সফর আজ

image

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাটে চলছে প্রস্তুতি। সফর ঘিরে খুলনা মহানগরীকে সাজানো হয়েছে নতুন রূপে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি শহরের সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলায় পৌঁছাবেন তিনি। সেখান থেকে সড়কপথে খুলনায় যাবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।

খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে সারা দেশে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করেছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা শহরের বিভিন্ন সড়ক ও স্টেডিয়াম এলাকা ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা গ্রাফিতি। এতে স্থান পেয়েছে খুলনার ইতিহাস-ঐতিহ্য, জুলাই গণ-অভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি।

তবে এবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যত্রতত্র তোরণ, ব্যানার ও ফেস্টুন দেখা যায়নি। খুলনা মহানগরীতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নগরীকে পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে প্রস্তুত করা হয়েছে।

জা.অর্থনীতি/এসআই