Print Date & Time : 08 November 2026 Sunday 08:38 pm

অতিরিক্ত ঘুম হতে পারে অ্যালঝেইমারসের লক্ষণ: গবেষণা

image

অনলাইন ডেস্ক: বয়স্ক কিংবা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রাতে আগেভাগে বিছানায় যাওয়া এবং সকালে দীর্ঘ সময় ধরে ঘুমানোর প্রবণতাকে সাধারণত স্বাভাবিক জীবনযাত্রার অংশ হিসেবেই ধরে নেওয়া হয়। তবে চিকিৎসা বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, অভ্যাসের বাইরে গিয়ে অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ঘুমানোর এমন ধরন মূলত মস্তিষ্কের জটিল ব্যাধি অ্যালঝেইমারসের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির গবেষকেরা ষাটোর্ধ্ব ব্যক্তিদের ঘুমের ধরন ও মস্তিষ্কের কার্যকারিতার ওপর নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে এমন ফলাফল পেয়েছেন। গবেষণার তথ্য অনুযায়ী, যেসব ব্যক্তি রাতে নিয়মিত নয় ঘণ্টার বেশি সময় ঘুমান, অন্যদের তুলনায় তাদের অ্যালঝেইমার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ থাকে। বিশেষ করে যারা অতীতে কম বা পরিমিত সময় ঘুমানোয় অভ্যস্ত ছিলেন কিন্তু হঠাৎ করেই যাদের ঘুমের ব্যাপ্তি অনেক বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে এই রোগের শঙ্কা সবচেয়ে বেশি দেখা গেছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, মানব মস্তিষ্কে স্মৃতি তৈরি ও তা সুসংহত হওয়ার প্রক্রিয়ার সাথে ঘুমের একটি গভীর ও জটিল সম্পর্ক রয়েছে। বিশেষ করে স্বাভাবিক ঘুমের পর্যায়গুলোতে, প্রধানত হালকা ঘুমের সময় মানুষের মস্তিষ্কে স্মৃতি গঠনের প্রক্রিয়াটি সক্রিয় থাকে। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের বিশ্লেষণে দেখা গেছে, একটানা অতিরিক্ত বা অস্বাভাবিক দীর্ঘ ঘুম মস্তিষ্কের এই স্বাভাবিক স্মৃতি সংরক্ষণ প্রক্রিয়ায় মারাত্মকভাবে বিঘ্ন সৃষ্টি করে।

গবেষকদের মতে, বয়স্কদের মধ্যে কাজের তাড়া না থাকা বা বিশ্রামের অজুহাতে হঠাৎ অতিরিক্ত ঘুমের প্রবণতা বেড়ে যাওয়াকে সাধারণ ঘটনা মনে করে এড়িয়ে যাওয়া ঠিক নয়। দীর্ঘ সময় ঘুমিয়ে থাকা যদি স্মৃতিশক্তি হ্রাসের প্রচ্ছন্ন সংকেত হয়, তবে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ব্যক্তির মানসিক ও স্নায়বিক স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন।
জেএ/অভি