Print Date & Time : 08 November 2026 Sunday 06:09 pm

২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ টাকা হারালেন ব্যবসায়ী

image

আন্তর্জাতিক ডেস্ক: জয়পুরে রাস্তার পাশে দাঁড়িয়ে ২০ টাকার কচুরি খেতে গিয়ে মুহূর্তেই ২০ লাখ টাকা হারালেন এক ব্যবসায়ী। খাবার খাওয়ার বিরতিতে তার অসতর্কতার সুযোগ নিয়ে স্কুটারে আসা দুই দুর্বৃত্ত টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি রাজস্থানের জয়পুরে নাহারগড় থানা এলাকার একটি স্থানে ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম চম্পালাল। তিনি স্কুটারে করে যাতায়াতের সময় ক্ষুধা লাগায় রাস্তার পাশের একটি দোকানে কচুরি খেতে থামেন। এ সময় ২০ লাখ টাকা রাখা একটি ব্যাগ নিজের স্কুটারের ওপর রেখেছিলেন তিনি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চম্পালাল স্কুটারের ওপর বসে কচুরি খাচ্ছিলেন। এমন সময় আরেকটি স্কুটারে করে দুই ব্যক্তি সেখানে আসে। তারা চম্পালালের স্কুটারের পাশে দাঁড়িয়ে মুহূর্তের মধ্যেই টাকাভর্তি ব্যাগটি তুলে নেয়। এরপর দ্রুত স্কুটার চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিষয়টি বুঝতে পেরে হাতে কচুরি নিয়েই চোরদের পেছনে দৌড়াতে শুরু করেন চম্পালাল। তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজনও ধাওয়া করতে এগিয়ে আসেন। তবে শেষ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্কুটারে থাকা দুই ব্যক্তির মাথায় হেলমেট থাকায় সিসিটিভি ফুটেজে তাদের চেহারা শনাক্ত করা যায়নি। এ ঘটনায় ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

জা.অর্থনীতি/এসআই