Print Date & Time : 05 November 2026 Thursday 02:21 am

মঞ্চ মাতালেন বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা

image

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাচ ও গানে মঞ্চ মাতালেন বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা। গত সোমবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই ‘আয় তব সহচরী হাতে হাতে ধরি’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা। এরপর মঞ্চে একক আবৃত্তি পরিবেশন করেন শাহিন রেজা রাসেল।

অনুষ্ঠানে ল্যাবরেটরি মডেল স্কুলের শিক্ষার্থীরা ‘এই রাঙামাটির পথে লো’ গানের সঙ্গে এবং ‘সুইড বাংলাদেশ’-এর শিল্পীরা ‘মন আমার দেহ ঘড়ি সন্ধান করি’ গানের সঙ্গে চিত্তাকর্ষক সমবেত নৃত্য উপহার দেন। একক সংগীত পর্বে চুয়াডাঙ্গার জেলা কালচারাল অফিসার সুজন রহমান পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের ‘আলগা করো গো খোঁপার বাঁধন’। পরবর্তীতে শারমিন আক্তার শিকু গেয়ে শোনান ‘আমার মনের কোণের বাইরে’ এবং সায়মা শারমিন ইমা পরিবেশন করেন ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’।

পরবর্তী অংশে রাফিয়া খন্দকারের পরিচালনায় ‘ই এক্সপ্রেশন ওয়েলফেয়ার সোসাইটি’র শিল্পীরা ‘বিহুর এ লগন মধুর এ লগন’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। পরিশেষে শান্ত রহমানের কণ্ঠে ‘আমার স্বপ্নগুলো কেন এমন হয়’ গানটির মাধ্যমে সমাপ্তি ঘটে এই অনুষ্ঠানের।