Print Date & Time : 08 November 2026 Sunday 08:58 pm

বরগুনা–বরিশাল সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হোক

image

এস এম রেদোয়ানুল হাসান রায়হান: বরগুনা–বরিশাল আঞ্চলিক সড়কটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ। প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য যাত্রী, শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। বরগুনা থেকে ছেড়ে আসা বাস, মালবাহী ট্রাকসহ অন্য গাড়িগুলো বরিশাল হয়ে ঢাকায়ও যায়, এত ব্যস্ত সড়ক হওয়ার পরেও দীর্ঘদিন এটি সংস্কারবিহীন পড়ে আছে। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও গর্তের কারণে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎বিশেষ করে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ ও বাসস্ট্যান্ডের সামনের সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে যায়। ফলে পথচারী ও যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ে এবং প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।

‎একটি ব্যস্ত যায়গা ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন বেহাল সড়ক কোনোভাবেই কাম্য নয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে দ্রুত সুবিদখালী সরকারি কলেজের সামনের সড়কসহ বরগুনা–বরিশাল সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো টেকসইভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।
‎

‎‎আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
‎ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া