Print Date & Time : 03 November 2026 Tuesday 02:10 pm

যুক্তরাজ্য-জার্মানির যৌথ উদ্যোগে তৈরি হবে সামরিক এআই

image

প্রযুক্তি ডেস্ক: আধুনিক যুদ্ধের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সামরিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি ও ব্যবহারে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। এর মাধ্যমে ইউরোপের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি সম্ভাব্য প্রতিপক্ষের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে পাল্লা দেওয়ার লক্ষ্য নিয়েছে দেশ দুটি।

২০২৭ সালের বসন্তে এ পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে দুই দেশের সরকারি কর্মকর্তা ও প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। তবে কী ধরনের এআই প্রযুক্তি তৈরি করা হবে এবং প্রকল্পে কত অর্থ ব্যয় হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার (২ নভেম্বর) বার্লিনে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের সঙ্গে বৈঠকের আগে দেশটির সংবাদমাধ্যম ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে জাইটুংয়ে প্রকাশিত নিবন্ধে পরিকল্পনার কথা জানান যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং। তিনি বলেন, দুই দেশের বিদ্যমান সাইবার নিরাপত্তা প্রকল্প ‘সাইবার লাইটহাউস’ সম্প্রসারণ করে তাতে সামরিক এআই যুক্ত করা হবে।

২০২৪ সালের প্রতিরক্ষা চুক্তির পর জার্মান কোম্পানিগুলো যুক্তরাজ্যের প্রতিরক্ষা শিল্পে ৮০ কোটি পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে মিউনিখভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হেলসিং। কোম্পানিটি প্লাইমাউথে কারখানা চালু করে এআইচালিত পানির নিচে চলাচলকারী যান তৈরি করছে, যা শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও অনুসরণ করতে পারে।

এদিকে সামরিক ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়লেও স্বয়ংক্রিয় অস্ত্রের ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি এ ধরনের অস্ত্র নিয়ন্ত্রণে বাধ্যতামূলক আন্তর্জাতিক বিধিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে।

জা.অর্থনীতি/এসআই