Print Date & Time : 02 November 2026 Monday 09:52 pm

পানের বরজে কাজ করতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল শ্রমিকের

image

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানে মালবোঝাই ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক পান শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও ২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আনোয়ার হোসেন (৪২) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২ নভেম্বর) জেলা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট (কামরাঙ্গার তল) রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সকালে স্থানীয় একটি পানের বরজে কাজ করতে আসেন ৩ শ্রমিক। এ সময় সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়কের পাশে অটোভ্যানটি দাঁড়ালে পেছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে গিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এনামুল হক (৪০) নামে এক শ্রমিক। এ সময় অটোভ্যান চালকসহ আরও ২ জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার হোসেন (৪২) নামে গুরুতর আরেক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ সময় আহত ভ্যান চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

নিহত এনামুল হক (৪০) রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর (হাজীপাড়া) গ্রামের মৃত সোলেমানের ছেলে এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন একই এলাকার মো. মোন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২)।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হন। নিহত পান শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

—জা.অর্থনীতি/এনজে