নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে- ৮৩১ জন। এছাড়া খুলনায় ২৫৯ জন, চট্টগ্রামে ২৫৭, বরিশালে ২১৩, রাজশাহীতে ১৮৫, ময়মনসিংহে ৯২, রংপুরে ৭৩ এবং সিলেট বিভাগে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার তিনজন, ময়মনসিংহের দুজন এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল রোববার পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জন। মারা গেছেন ৪২৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।
হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু
সারা দেশে হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হামের লক্ষণ দেখা গেছে ১ হাজার ৩৫৩ জনের শরীরে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৩৫ জনের দেহে। হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৪৯। নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু।
সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৫৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ হাজার ৯৫ শিশু। গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৬ হাজার ১৮৩ শিশু।
বিভাগভিত্তিক হিসাবে, সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি— ৫৬৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। চট্টগ্রামে ২৬৪, সিলেটে ১২৬, বরিশালে ১২৯, ময়মনসিংহে ৮৯, খুলনায় ৮৯, রংপুরে ৫১ এবং রাজশাহীতে ৪১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশু মারা গেছে।