বিনোদন প্রতিবেদক: চলতি সময়ে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে যেন কিছুতেই সরছে না ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনির নাম। জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন এবং নতুন সিনেমার ঘোষণা দিয়ে সম্প্রতি খবরের শিরোনাম হওয়ার পর এবার নতুন এক ফেসবুক পোস্টের মাধ্যমে অনুসারীদের মাঝে আলোচনার নতুন খোরাক জোগালেন এই অভিনেত্রী। দেশ ছেড়ে বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি অভিজাত হোটেলে অবস্থান করছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু নতুন ছবি প্রকাশ করেছেন পরীমনি। ছবিগুলো কুয়ালালামপুরের বিখ্যাত ইন্টারকন্টিনেন্টাল হোটেলের। সেখানে হোটেলের জানালার পাশে তাকে বেশ মোহময়ী লুকে বসে থাকতে দেখা যায়। ছবিগুলোতে তার পরনে ছিল সোনালি ও হালকা বেইজ রঙের একটি জমকালো ফ্লোরাল গাউন। পোশাকজুড়ে সূক্ষ্ম এমব্রয়ডারি, সিকুইনের কাজ এবং ছোট ছোট ফুলের নকশা তার এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। মাত্র এক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে ১৬ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং দেড় হাজারের অধিক মন্তব্য জমা পড়ে। ভক্তদের কেউ তাকে ‘আগের রানির মতো দেখাচ্ছে’ বলে প্রশংসা করেছেন আবার কেউ রসিকতা করে লিখেছেন, ‘বোতলটা আসল নাকি শুধু পোজের জন্য, তদন্ত চলছে!’
উল্লেখ্য, কাজের দিক থেকেও বেশ ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘সেপারেশন’ নামের একটি নতুন ওয়েব সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। পাশাপাশি গত জন্মদিনে ‘ফারজানা’ নামের নতুন একটি সিনেমারও ঘোষণা দিয়েছেন। তারেক রহমানের পরিচালনায় এই সিনেমাটির শুটিংও ইতোমধ্যে অনেকটাই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।