Print Date & Time : 03 November 2026 Tuesday 08:07 pm

নিজের হাতেই গুলিবিদ্ধ ৭৮ বছর বয়সী বিখ্যাত পরিচালক মাইকেল মান

image

জাতীয় অর্থনীতি বিনোদন: লস অ্যাঞ্জেলেসের একটি শ্যুটিং রেঞ্জে লক্ষ্যভেদের অনুশীলনের সময় দুর্ঘটনাবশত নিজের গুলিতেই আহত হয়েছেন ৪বার অস্কার মনোনীত খ্যাতনামা মার্কিন চলচ্চিত্র পরিচালক মাইকেল মান।

গত শনিবার (১ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে 'দ্য রেঞ্জ এলএ'-তে ঘটনাটি ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানায়, খবর পেয়ে দ্রুত পুলিশ সদস্য ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শেষে ঘটনাটিকে দুর্ঘটনাজনিত হিসেবে চিহ্নিত করে।

প্রত্যক্ষদর্শী ও সূত্রের বরাতে জানা যায়, রিভলবারটি হোলস্টারে (পিস্তলের খাপ) রাখার চেষ্টা করার সময় ভুলবশত ট্রিগারে চাপ লেগে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার গায়ে লাগে। আশঙ্কামুক্ত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরিচালকের মুখপাত্র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানান, আঘাতটি বেশ সামান্য ছিল এবং চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।

৭৮ বছর বয়সী এই বর্ষীয়ান পরিচালক কয়েক দশক ধরেই নিয়মিত শ্যুটিংয়ের অনুশীলন করে আসছেন। ১৯৯৫ সালের কালজয়ী অ্যাকশন ক্রাইম ড্রামা 'হিট'-এর সিক্যুয়াল 'হিট ২'-এর প্রি-প্রোডাকশনের কাজে বর্তমানে ব্যস্ত রয়েছেন 'দ্য ইনসাইডার' ও 'কোল্যাটেরাল' খ্যাত এই নির্মাতা।

জা. অর্থনীতি/এআর