Print Date & Time : 03 November 2026 Tuesday 04:19 pm

এক পা নেই স্বামীর, ৯ বছর ধরে পিঠে বয়ে বেড়াচ্ছেন বৃদ্ধা!

image

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রদেশের বুরহানপুরে অসুস্থ স্বামীর চিকিৎসা ও জীবনযাপনের জন্য সরকারি সহায়তা পেতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন এক বৃদ্ধা। অবশেষে কোনো উপায় না পেয়ে পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে পিঠে বহন করেই পৌঁছালেন জেলাশাসকের দপ্তরে। তার এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ওই বৃদ্ধার নাম বিন্দুবাই। তার স্বামী দয়াশঙ্কর। তারা বুরহানপুর জেলার মহাজন কলোনির বাসিন্দা। প্রায় নয় বছর আগে পক্ষাঘাতে আক্রান্ত হন দয়াশঙ্কর। চিকিৎসার একপর্যায়ে তার একটি পা কেটে ফেলতে হয়। এরপর থেকেই তিনি চলাফেরার সক্ষমতা হারান।

স্বামীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে প্রতিনিয়ত কষ্ট করতে হচ্ছে বিন্দুবাইকে। এত বছর ধরে তিনি নিজেই পিঠে করে স্বামীকে বহন করছেন। তার অভিযোগ, স্বামীর চলাচলের সুবিধার জন্য একটি তিন চাকার সাইকেল এবং আর্থিক সহায়তা হিসেবে পেনশনের আবেদন করেও কোনো সুফল পাননি।

সম্প্রতি স্বামীকে পিঠে নিয়ে জেলাশাসক বিবেক কুমারের দপ্তরে হাজির হন তিনি। সেখানে স্বামীর জন্য একটি ট্রাইসাইকেল ও পেনশনের আবেদন জানান। তার এই অসহায় পরিস্থিতি উপস্থিত ব্যক্তিদের আবেগাপ্লুত করে।

বিন্দুবাই জানান, শারীরিকভাবে অক্ষম স্বামীকে বহন করা তার পক্ষে অত্যন্ত কষ্টকর। বারবার আবেদন করেও সহায়তা না পাওয়ায় তারা মানসিকভাবেও ভেঙে পড়েছেন। সেদিনও কোনো সহায়তা না মেলায় স্বামীকে পিঠে নিয়েই বাড়ি ফিরতে হয় তাকে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এসেছে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বিন্দুবাইয়ের পেনশনের দাবিও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।

জা.অর্থনীতি/এসআই