Print Date & Time : 04 November 2026 Wednesday 02:22 am

বিয়ে নিয়ে যা জানালেন কুসুম শিকদার

image

বিনোদন প্রতিবেদক: ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আড়ালে থাকতে পছন্দ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও গায়িকা কুসুম শিকদার। এ কারণে তাকে ঘিরে ভক্ত ও অনুরাগীদের মনে সবসময়ই নানা কৌতূহল কাজ করে। সম্প্রতি একটি টেলিভিশনের তারকা আড্ডায় বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থান খোলাসা করেছেন এই তারকা।

বিয়ে সংক্রান্ত প্রশ্নের জবাবে কুসুম শিকদার বলেন, ‘আমি হ্যাপি আছি, আমি স্বাধীন আছি। আমি তো এটাই সবসময় বলি। যারা বারবার জানতে চান বিয়ে কবে খাওয়াব তাদের উদ্দেশে বলব, আমার বয়সটা দেখুন। আপনারা আসলে অনেক কিছু মিস করে ফেলেছেন যেগুলো আপনাদের গবেষণা করে জানা দরকার। এটা আপনাদের দায়িত্ব।’

নিজের ব্যক্তিগত জীবন জনসমক্ষে না আনার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনকে তিনি কখনই এক করতে চান না। তার কাছের মানুষ বা ভালোবাসার মানুষরা নিজ নিজ ক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত হলেও পরিচিত মুখদের মতো অতিরিক্ত আলোচনা বা বিড়ম্বনার মুখোমুখি তাদের করতে চান না। এ কারণেই সবকিছু সবসময় স্পষ্ট করেন না বলে জানান এই অভিনেত্রী।

নিজের ভালো থাকা প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, ‘আমি ভালো আছি, সুখে আছি। আমার জীবনে আমার বাবাসহ যেসব পুরুষের কারণে আমার জন্ম হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন, সেই মানুষটিই আমার ভালোবাসার মানুষ, আমার কাছের মানুষ। কারণ, সেই মানুষটি না থাকলে আসলে কুসুম শিকদারেরই জন্ম হতো না।’

জীবনে নেতিবাচকতা এড়িয়ে চলার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, আগে মানুষের কথায় মানসিক চাপ অনুভব করলেও এখন নিজেকে সামলাতে শিখেছেন। নেতিবাচক মানুষ ও পরিস্থিতি থেকে সবসময় দূরত্ব বজায় রাখেন। তার ভাষ্য, যেসব মানুষ মানসিক চাপ দিতে পারে তাদের চিনে এড়িয়ে চলেন এবং অপ্রয়োজনীয় আড্ডা বা অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকেন।

উল্লেখ্য, দীর্ঘ বিরতি ভেঙে গত বছরের অক্টোবরে ‘প্রবল ঘোর’ শিরোনামের নতুন একটি মৌলিক গান নিয়ে সংগীতে ফিরেছেন কুসুম শিকদার। এর আগে ২০১৭ সালে তার আলোচিত ‘নেশা’ গানটি প্রকাশিত হয়েছিল। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও নাম লিখিয়েছেন তিনি; ২০২৪ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’। এছাড়া সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকেই নিজের দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই বহুমুখী শিল্পী।