Print Date & Time : 04 November 2026 Wednesday 02:33 pm

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, বিন্যান্স ছাড়ছেন গ্রাহকরা

image

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বিন্যান্সে বড় ধরনের সাইবার হামলার পর গ্রাহকদের মধ্যে অর্থ তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, প্রাথমিক চাপ কাটিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। একই সঙ্গে হ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯৫ শতাংশ পূরণের কথাও জানিয়েছে তারা।

রবিবার কয়েকটি ক্রিপ্টো সম্পদের উত্তোলন সুবিধা পুনরায় চালুর পর গ্রাহকদের মধ্যে অর্থ সরিয়ে নেওয়ার প্রবণতা দেখা দেয়। ক্রিপ্টো বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিফাইলামার তথ্য অনুযায়ী, ওই দিন বিন্যান্স থেকে নিট ৩৫০ কোটি ডলারের বেশি অর্থ উত্তোলন করা হয়। যদিও এ বিষয়ে মন্তব্য করেনি বিন্যান্স।

প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, শুরুতে উত্তোলনের পরিমাণ বাড়লেও পরে তা দ্রুত কমে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরছে। ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় বিটকয়েন, ইথার, ডজকয়েনসহ ১৫টি টোকেনের উত্তোলন চালু করা হয়েছে।
  
গত বৃহস্পতিবার রাতে মাত্র ২০ মিনিটের মধ্যে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরি হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এ হামলার জন্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘ট্রেডারট্রেইটর’ সাইবার ইউনিটকে দায়ী করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন।

বিন্যান্সের দাবি, চুরি হওয়া সম্পদের প্রায় ৩০০ কোটি ডলার শনাক্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ওপর এই আর্থিক ক্ষতির দায় চাপানো হবে না। ক্ষতি সামাল দিতে কোম্পানির নিজস্ব তহবিল, সাফু ও ফিউচার্স ইনস্যুরেন্স ফান্ড মিলিয়ে প্রায় ৬৩৪ কোটি ডলার সংরক্ষণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে তাদের নিবন্ধিত ব্যবহারকারী ৩৩ কোটি ৫০ লাখ।

জা.অর্থনীতি/এসআই