জাতীয় অর্থনীতি অনলাইন: দেশের এমপিওভুক্ত শিক্ষকরা খুব শিগগিরই পে স্কেলের আওতায় যুক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রী এ কথা জানিয়েছেন। তবে কবে নাগাদ নতুন বেতনকাঠামো কার্যকর হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি।
শিক্ষকদের আর্থিক সুরক্ষা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। শিক্ষামন্ত্রীর এই ঘোষণার ফলে দেশের হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে স্বস্তি ও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে বর্ধিত বেতন পাবেন তা এখনও সুনির্দিষ্ট করে জানানো হয়নি। এ নিয়েও তাদের মধ্যে হতাশা রয়েছে।
বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এরমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অধীন পৌনে দুই লাখ ও কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।
নতুন বেতনকাঠামো কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়া বাড়বে। স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের স্তর এবং বিষয়ভেদে শিক্ষকদের বেতন গ্রেডে ভিন্নতা রয়েছে। নতুন কাঠামোয় তাঁরা বর্তমানে যে গ্রেডে চাকরি করছেন, সেই অনুযায়ী বেতন পাবেন।
প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে তারা অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বেতনও পেয়েছেন। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে কিছুটা সময় লাগছে।
—জা.অর্থনীতি/আরএস