Print Date & Time : 01 November 2026 Sunday 07:49 pm

সীমান্তে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

image

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকা থেকে তদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের মৃত আসাদুলের ছেলে আসাদুল ইসলাম এবং একই এলাকার জুয়েল হোসেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাজিরাকোনা বিওপির একটি বিশেষ টহল দল নাগারবিল এলাকায় অবস্থান নেয়। এ সময় দুপুর সাড়ে ১২টার দিকে সন্দেহজনকভাবে একটি ব্যাগ হাতে দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করার চেষ্টা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।

পরে আটককৃতদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো মোট ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম (প্রায় ৩ কেজি ৯৪১ গ্রাম), যার বর্তমান আন্তর্জাতিক ও স্থানীয় বাজারমূল্য আনুমানিক ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বর্ণ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণের চালানটি মেহেরপুর জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি