Print Date & Time : 02 November 2026 Monday 12:49 am

সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

image

অনলাইন ডেস্ক: শ্রমিক অসন্তোষ বাড়তে থাকায় কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এদিন সন্ধ্যা ৬টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে বৈঠকটি শুরু হয়।

মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলে এবং মানুষের জানমালের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে এবং যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন তিনি।'

তিনি আরও বলেন, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন, মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আরিফুল হক বলেন, জননিরাপত্তা ও স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, 'ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টি এবং সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ বিষয়টি এবং এসব ষড়যন্ত্রে জড়িতদের কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।'

এ সময় মন্ত্রী অভিযোগ করেন, কিছু মানুষ রাজনৈতিক দল ও  শ্রমিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনকে ব্যবহার করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, 'ইনশাআল্লাহ, আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব।'

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দেশের পোশাকশিল্পে অস্থিরতার প্রেক্ষাপটে সংকট মোকাবিলায় জরুরি এ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকাসহ আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরও করা হয়। বিক্ষোভের সময় রাজধানীর মিরপুর এলাকায় পুলিশ ও তৈরি পোশাকশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে চার থেকে পাঁচজন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

—জা.অর্থনীতি/আইবিএম