আন্তর্জাতিক ডেস্ক: মানুষের প্রকৃত সম্পদ যে অর্থ-সম্পদে নয়, বরং উদারতা ও মানবিকতায়-তারই এক আবেগঘন দৃষ্টান্ত দেখা গেল ভারতের বিহারে। নিজেই জীবন চালাতে অন্যের কাছে হাত পাততে হয়, অথচ সেই সামান্য উপার্জন থেকেই বৌদ্ধ ভিক্ষুদের দান করলেন এক প্রতিবন্ধী ভিক্ষুক। তার এমন আচরণে মুগ্ধ হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।
বিহারের গয়ায় মহাবোধি মন্দিরের কাছে ঘটনাটি ঘটেছে। সম্প্রতি এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মন্দিরের কাছের রাস্তায় বসে ভিক্ষা করছিলেন ওই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। এ সময় বৌদ্ধ ভিক্ষুদের একটি দল সেখান দিয়ে যাচ্ছিল। তাদের দেখতে পেয়ে নিজের পকেটে থাকা কয়েকটি মুদ্রা বের করে দানপাত্রে দেন তিনি। শুধু অর্থ নয়, নিজের কাছে থাকা সামান্য খাবারও তুলে দেন ভিক্ষুদের হাতে।
একপর্যায়ে এক ভিক্ষু তাকে অর্থ দিতে নিষেধ করার চেষ্টা করেন। কিন্তু তাতে থামেননি ওই ব্যক্তি। দান শেষে নিজের টুপি খুলে দুই হাতে ভিক্ষুর পা স্পর্শ করে শ্রদ্ধা জানান। জবাবে ওই ভিক্ষু তাকে একটি পানির বোতল, বিস্কুটের প্যাকেট ও কিছু নগদ অর্থ দেন। পাশাপাশি মাথায় হাত রেখে আশীর্বাদও করেন।
ভিডিওটি এক্সে আদিত্য যাদব নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। ঘটনাটি দেখে নেটিজেনদের অনেকে ওই ভিক্ষুককে ‘পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ’ বলে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, নিজের সীমিত সামর্থ্যের মধ্যেও যিনি অন্যকে দিতে পারেন, প্রকৃত প্রশংসা তারই প্রাপ্য।
জা.অর্থনীতি/এসআই