প্রযুক্তি ডেস্ক: পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দক্ষ ও দায়িত্বশীল ব্যবহার এবং টেকসই উন্নয়নের বার্তা নিয়ে সফলভাবে শেষ হলো ১৪তম ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬’। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত তিন দিনব্যাপী এই পর্যটন মেলায় প্রায় ৪৩ কোটি টাকার ব্যবসায়িক লেনদেন ও বিক্রয় সম্পন্ন হয়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আয়োজিত মেলাটি শেষ দিনে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এতে ডাব্লিউএসি সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ পর্যটন খাতের সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন গন্তব্যের সঠিক ব্যবস্থাপনা, পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় ডিজিটাল তথ্যসেবা ও স্মার্ট মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। সেই লক্ষ্যেই সরকার পর্যটন খাতের সার্বিক প্রসারে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে, যার অধীনে রিসোর্ট ও হোটেলগুলোতে সোলার প্যানেল স্থাপনসহ তরুণদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এবারের মেলার মূল প্রতিপাদ্য ছিল—‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’। মেলা চলাকালে অনুষ্ঠিত ‘এআই ফর সাসটেইনেবল ট্যুরিজম অপারেশন’ শীর্ষক সেমিনারে বক্তারা জানান, বুকিং ব্যবস্থাপনা, ভ্রমণসূচি তৈরি, স্বয়ংক্রিয় সেবা ও অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে আতিথেয়তার মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখেই এআই প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন তারা।
তিন দিনে বিশ্বজুড়ে মোট ২০টি দেশের প্রতিনিধি সংস্থা ও এয়ারলাইন্স প্রতিষ্ঠান এতে অংশ নেয়। যেখানে পার্টনার কান্ট্রি হিসেবে ছিল মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও নেপাল। প্রায় ৪৫ হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত এই মেলায় বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকিট বিক্রিতে আশাব্যঞ্জক সাড়া পেয়েছে।