Print Date & Time : 01 November 2026 Sunday 04:51 pm

হাজার কোটির ‘রামায়ণ’, সমালোচকদের রায়ে বিভক্ত দর্শক

image

বিনোদন ডেস্ক: মুক্তির আগেই বিপুল বাজেট ও তারকাবহুল অভিনয়শিল্পীদের কারণে আলোচনায় থাকা ‘রামায়ণ’ সিনেমা এবার সমালোচকদের পর্যালোচনা নিয়ে নতুন করে চর্চায়। লস অ্যাঞ্জেলেসে প্রিমিয়ারের পর ছবিটি নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ নির্মাণশৈলী ও দৃশ্যায়নের প্রশংসা করছেন, আবার কেউ গল্প, অভিনয় ও সিনেমার দৈর্ঘ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের একটি অংশ ছবিটিকে খুব একটা ইতিবাচকভাবে দেখেননি। মার্কিন চলচ্চিত্র সমালোচক ব্র্যান্ডন জাকারি সিনেমাটিকে ১০-এর মধ্যে ৭ নম্বর দিয়েছেন। অন্যদিকে, ইন্ডিওয়্যার ছবিটিকে দিয়েছে ‘বি’ গ্রেড।

এনওয়াইসি মুভি গুরু ছবিটির আড়াই ঘণ্টার দৈর্ঘ্য, দুর্বল অভিনয় ও আবেগের ঘাটতি নিয়ে সমালোচনা করেছে। প্রতিষ্ঠানটির পর্যালোচক অ্যাভি অফার একে অতিরিক্ত জাঁকজমকপূর্ণ বি-গ্রেডের সিনেমা বলে মন্তব্য করেছেন।

তবে ভারতীয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শের মূল্যায়ন সম্পূর্ণ ভিন্ন। তিনি ছবিটিকে পাঁচে পাঁচ দিয়েছেন। তার মতে, দৃশ্যায়ন, সংগীত, আবেগ ও নির্মাণের ব্যাপ্তিতে ‘রামায়ণ’ অসাধারণ। রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ও রবি দুবের অভিনয়ের পাশাপাশি এ আর রহমান ও হ্যান্স জিমারের সংগীতেরও প্রশংসা করেছেন তিনি।

বাজেটের দিক থেকেও বড় আয়োজনের সিনেমা এটি। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে দুই পর্বের নির্মাণ ব্যয় প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি বলা হলেও যশ জানিয়েছেন, প্রচার ও মুক্তিসহ পুরো প্রকল্পের বাজেট ৪ হাজার কোটি রুপি।

সিনেমায় রামের চরিত্রে রণবীর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। প্রথম পর্ব ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দীপাবলিতে।

জা.অর্থনীতি/এসআই