অনলাইন ডেস্ক: গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার।
রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা ওই গেজেটে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬) এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার একই আইনের ধারা ১৩৯ এ নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে ‘গার্মেন্টস’ শিল্প সেক্টরে নিম্নলিখিত ব্যক্তিদের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ করল।
গেজেটে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।
এ ছাড়াও গেজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে নিম্নতম মজুরি বোর্ডের মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
—জা.অর্থনীতি/আইবিএম