আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লন্ডন। শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে পুলিশের সতর্কতা উপেক্ষা করার অভিযোগে অন্তত ১৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশের অভিযোগ রয়েছে।
তবে পুলিশের এই পদক্ষেপের সমালোচনা করেছেন লেবার পার্টির এমপি জন ম্যাকডোনেল। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, কোনো সংগঠনকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করলেই সেটিকে ওই সংগঠনের প্রতি সমর্থন হিসেবে বিবেচনা করা যায় না। তাঁর মতে, প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভুল।
জুলাইয়ে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর নিষেধাজ্ঞার বিরুদ্ধে এটিই প্রথম বড় বিক্ষোভ। একই দাবিতে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে মার্কিন কনস্যুলেটের সামনেও সমবেত হন বিক্ষোভকারীরা। সেখানে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
আন্দোলন আয়োজক ডিফেন্ড আওয়ার জুরি জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদের কারণে চার হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনটির দাবি, এই নিষেধাজ্ঞা ফিলিস্তিনপন্থীদের প্রতিবাদের অধিকার সংকুচিত করছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সংস্থাটির যোগাযোগ ও প্রচারণা প্রধান ফেলিক্স জ্যাকেন্স বলেন, শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড প্রদর্শনের কারণে বিভিন্ন বয়সী মানুষকে গ্রেপ্তার বাক্স্বাধীনতার ওপর আঘাত।
জা.অর্থনীতি/এসআই