Print Date & Time : 01 November 2026 Sunday 10:37 am

আরবদের সঙ্গে জোট গড়ে সরকার গঠনের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

image

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আরব দলগুলোর সঙ্গে জোট করে নতুন সরকার গঠনের দাবি উঠেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলোর ওপর চাপ সৃষ্টি করতে রাস্তায় নেমেছেন হাজার হাজার ইসরায়েলি।

শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আরব দলগুলোকে সঙ্গে নিলে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার মতো প্রয়োজনীয় আসন তাদের রয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। ফলে নতুন সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে চলে এসেছে দলগুলো। নির্বাচনের আগে আইজেনকোত আরব দলগুলোর সঙ্গে জোট না করার কথা জানিয়েছিলেন। তবে নির্বাচনের পর পরিস্থিতি বদলে যাওয়ায় তার ওপর জোট গঠনের চাপ বাড়ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেলআবিবের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা নেতানিয়াহুকে সরকারপ্রধানের পদ থেকে সরাতে বিরোধী দলগুলোর ঐক্যের ওপর গুরুত্ব দেন। তাদের বক্তব্য, আরব দলগুলোর সমর্থন ছাড়া সরকার গঠনের সুযোগ সীমিত।

এদিকে আরব দলগুলোর সঙ্গে জোটের বিরোধিতা করে পাল্টা বিক্ষোভ করেছেন নেতানিয়াহুর উগ্রডানপন্থি জোটের সমর্থকেরা। তারা স্লোগান দিয়ে বলেন, সন্ত্রাসীদের সঙ্গে জোট করে কোনো সরকার গঠন করতে দেওয়া হবে না।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। নির্বাচনে কোনো দল বা জোটই এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

জা.অর্থনীতি/এসআই