অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রবিবার (১ নভেম্বর) সকাল থেকেই কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে মিরপুরের বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের কর্মসূচি শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ নম্বর ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে সড়কে অবস্থান নেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্ল্যা বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ডাইভারশন দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে তারা শাহ আলী এলাকায় জড়ো হন। দুপুর ২টার পর সেখানে একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে কারখানা ও একটি বিপণিবিতানে ভাঙচুর চালানো হয়। পরে কালশীর আদর্শনগর এলাকায় ২২ তলা পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।
জা.অর্থনীতি/এসআই