Print Date & Time : 02 November 2026 Monday 05:14 pm

দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৭ হাজার ১১৪ টাকা!

image

অনলাইন ডেস্ক: দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে স্বর্ণের দাম। এবার এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের গহনার দাম ৫ হাজার ৪৮১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। দুই দিনে এই মানের স্বর্ণের দাম কমেছে মোট ৭ হাজার ১১৪ টাকা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছিল।

এদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা করা হয়েছে।

জা.অর্থনীতি/এসআই