Print Date & Time : 31 October 2026 Saturday 05:37 pm

বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে নতুন নতুন খাতে দুই দেশের যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান। 


গতকাল শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি স্মরণ করা হয়। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  

বৈঠকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উভয় পক্ষ বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি নতুন নতুন খাতে একসঙ্গে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত পোষণ করে।  

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দেশটির অর্থায়নে বাংলাদেশে অতীতে বেশ কয়েকটি বড় অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানের অর্থায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নতুন চুক্তিও হচ্ছে।