সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা-পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবাবড়ি ও মদসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা-পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলার চার কারবারি, ১৫ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) দুই আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দুই সন্দেহভাজন রয়েছেন।
মাদক মামলায় গ্রেপ্তারকৃত চার কারবারি হলেন-সোনারগাঁয়ের সিংলাবো গ্রামের সাদিকুল ইসলাম শুভ (২৩), কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাতেমা (৪৫) ও খালেদা (৩৩) এবং টেকনাফের নোয়াখালীপাড়া এলাকার আয়াছ (২৫)।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১৫ জন হলেন-সোনারগাঁয়ের হাড়িয়া চৌধুরীপাড়ার শাকিল মিয়া (২৫), উলুকান্দির জাহাঙ্গীর (২৮), মামরকপুরের আমান উল্লাহ (৪৩), হামসাদি সরকারবাড়ীর নয়ন মিয়া (২০), কাফুরদীর রায়হান (৩৪), নোয়াকান্দির ইমরান (২৮), আলমদীর হেলাল (৪০), বড় আলমদীর আব্দুল্লাহ আরিয়ান (২০), বাগবাড়িয়ার রিফাত (২১), পশ্চিম বেহাকৈরের কিরন বর্মন (২১); কাঁচপুর এলাকার সিয়াম ফরাজী (২২), লিটন মিয়া (৩৩), শান্ত বর্মন (২২); চাঁদপুরের শাহরাস্তির আব্দুর রাজ্জাক (৩৫) এবং খাগড়াছড়ির মানিকছড়ির শাহাবুদ্দিন (৩৬)।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় উপজেলার মহেশ্বরদী গ্রামের আবু খায়ের (৩০) ও দেলোয়ার হোসেন (৩৮) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে কাঁচপুর গঙ্গাপুর বাজারের সুমন (২৬) ও পিরোজপুরের গোলজার হোসেনকে (৪২) গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলার স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ২৩ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি