Print Date & Time : 07 November 2026 Saturday 02:42 am

‘মোবাইল ফোনের সঠিক ব্যবহারে শিক্ষার্থীদের উচ্চ শিখরে পৌঁছাতে হবে’

image

হবিগঞ্জ প্রতিনিধি: “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনের ইতিবাচক ব্যবহার করে, সে বিষয়ে তাদের উদ্বুদ্ধ করতে হবে। একটি মোবাইল ফোন যেমন একজন শিক্ষার্থীকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে, তেমনই এর অপব্যবহার তাকে অধঃপতনের দিকেও ঠেলে দিতে পারে।”

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শিক্ষাঙ্গন থেকে জাতীয় ভাবনা, শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।

হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জি কে গউছ এমপি, হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ এবং হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল মজিদ।

মতবিনিময় সভায় বক্তারা শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে দেশ গঠনে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।

—জা. অর্থনীতি/এলএটি