Print Date & Time : 01 November 2026 Sunday 08:04 pm

ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত ঐশী, দিলেন সতর্কবার্তা

image

জাতীয় অর্থনীতি বিনোদন: সোশ্যাল মিডিয়ায় ভুয়া আইডির দৌরাত্ম্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। নিজের নামে খোলা একটি ভুয়া অ্যাকাউন্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভানুধ্যায়ীদের সতর্কবার্তা দিয়েছেন এই তারকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ঐশী স্পষ্ট জানিয়েছেন, ফেসবুকে তার কোনো ব্যক্তিগত আইডি নেই এবং এই পেজটিই একমাত্র অফিসিয়াল যোগাযোগের মাধ্যম। মিডিয়ার বেশ কয়েকজন পরিচিতজন ওই ভুয়া আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার পর বিষয়টি তার নজরে আনেন।

অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি এড়াতে ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে আসা কোনো ধরনের বার্তা বা বন্ধুত্বের অনুরোধ গ্রহণ না করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি সবাইকে অ্যাকাউন্টটি রিপোর্ট করার আহ্বানও জানান তিনি।

image

এদিকে রূপালি পর্দায় দারুণ ব্যস্ত সময় পার করছেন এই প্রতিভাবান অভিনেত্রী। বর্তমানে তিনি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে বহুল প্রতীক্ষিত ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

জা. অর্থনীতি/এআর