Print Date & Time : 02 November 2026 Monday 01:04 pm

টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় ছাত্র আহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

image

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সড়ক পারাপারের সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আব্দুল্লাহ আল জাবির (১৭) নামে আলিম প্রথম বর্ষের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনার প্রতিবাদে এবং প্রতিষ্ঠানের সামনে অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে টঙ্গীতে মাদ্রাসার সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী জাবির আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র।

অবরোধের ফলে ব্যস্ততম এই মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষেরা।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, দুপুর পৌনে ১টার দিকে মাদ্রাসা ছুটি হওয়ার পর জাবির ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পান।

সহপাঠীরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুপুর ২টার পর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী রাজপথে নেমে আসেন এবং মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, প্রায় দুই-তিন মাস আগে ঠিক একই স্থানে সড়ক পার হতে গিয়ে তাদের আরেক সহপাঠী ইয়াসিন আলী সড়ক দুর্ঘটনায় নিহত হন। ওই সময় প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা এক সপ্তাহের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের সুস্পষ্ট আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার সহপাঠীদের প্রাণহানি ও পঙ্গুত্বের শিকার হতে হওয়ায় বাধ্য হয়েই তারা আবার রাজপথে নেমেছেন। ফুটওভার ব্রিজ নির্মাণের সুনির্দিষ্ট ও দৃশ্যমান কাজ শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক থমকে দাঁড়িয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও স্থানীয় থানা-পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে দাবির বিষয়ে আশ্বস্ত করে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ও টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, শিক্ষার্থীদের যুক্তিসংগত দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। মহাসড়কের শৃঙ্খলারক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।

—জা. অর্থনীতি/এলএটি