Print Date & Time : 07 November 2026 Saturday 03:27 am

সোনারগাঁয়ে ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে দেড় কোটি টাকার লুট

image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি শিল্প প্রতিষ্ঠানে দেড় ডজন সশস্ত্র ডাকাত হানা দিয়ে অস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ অর্থ ও মূল্যবান মালামালসহ প্রায় দেড় কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ডাকাতির ঘটনা ঘটে।

উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকার 'কাশ্মীর গ্রুপ' নামক প্রতিষ্ঠানে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের ম্যানেজার ও মামলার বাদী মো. মারুফ হোসেনের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হেলমেট পরিধান করে ও মুখে কালো কাপড় বেঁধে বাউন্ডারি দেয়াল টপকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। ডাকাত দলের প্রত্যেকের হাতে পিস্তল, রামদা, চাপাতি, ছুরি ও লোহার রডসহ মারাত্মক দেশীয় অস্ত্র ছিল।

ভেতরে প্রবেশ করেই ডাকাতরা প্রতিষ্ঠানে দায়িত্বরত ৬ জন নিরাপত্তাকর্মী, ৪ জন ম্যানেজার ও ৪ জন মেশিন অপারেটরকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে তাদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রেখে সবার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

কর্মচারীদের জিম্মি করার পর ডাকাত দল মূল ফটক খুলে একটি পিকআপ ভ্যান ভেতরে নিয়ে আসে। তারা ক্যাশ সেকশনের দুটি সিন্দুক ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা লুট করে। এ ছাড়া প্রতিষ্ঠানের ভেতর থেকে ১ কোটি টাকা মূল্যের ৫ হাজার কেজি তামার তার, ৭ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের কপার পাইপ, সিসি ক্যামেরা, এনভিআর, কম্পিউটার পিসি ও স্মার্টফোনসহ সর্বমোট ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার মালামাল পিকআপ ভ্যানে তুলে ভোর ৪টা ২০ মিনিটের দিকে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) দীপংকর ঘোষ ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আলামত সংগ্রহসহ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।  

—জা. অর্থনীতি/এলএটি