Print Date & Time : 02 November 2026 Monday 12:07 pm

অস্কারের পরিধি বৈশ্বিক করার বার্তা আকাদেমির সিইও'র

image

জাতীয় অর্তনীতি বিনোদন: অস্কারের মঞ্চকে সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমী ও নির্মাতাদের জন্য আরও উন্মুক্ত ও বৈশ্বিক করার বার্তা দিয়েছেন আকাদেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সিইও বিল ক্রামার। বুধবার (২৮ অক্টোবর) ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এক প্যানেল আলোচনায় তিনি এই ঘোষণা দেন।

বিল ক্রামার জানান, গত এক দশকে আকাদেমিতে আন্তর্জাতিক সদস্যের হার ৫ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশে উন্নীত হয়েছে। তিনি উল্লেখ করেন, ‘প্যারাসাইট’ চলচ্চিত্রের অস্কার জয় বিশ্ব চলচ্চিত্রের প্রতি তাদের ভাবনায় বড় পরিবর্তন এনেছে। বৈশ্বিক দর্শক বাড়াতে ২০২৯ থেকে ২০৩৩ সাল পর্যন্ত ইউটিউবের সঙ্গে চুক্তি করা হয়েছে, যার মাধ্যমে বিশ্বজুড়ে আড়াই বিলিয়ন মানুষ বিনামূল্যে ৩০টিরও বেশি ভাষায় অস্কারের সম্প্রচার দেখতে পাবেন।

এছাড়া ৯৯তম অস্কার থেকে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাছাই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে নতুন নিয়ম। এখন থেকে কান, ভেনিস, বার্লিন, বুসান, সানড্যান্স ও টরন্টো উৎসবের নির্দিষ্ট প্রধান পুরস্কার বিজয়ী সিনেমাগুলো সরাসরি অস্কারে প্রতিযোগিতার সুযোগ পাবে।

জাপানের স্থানীয় দর্শকদের প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে টোকিও চলচ্চিত্র উৎসবও এই তালিকায় যুক্ত হতে পারে। চলচ্চিত্রকে সীমানার ঊর্ধ্বে তুলে ধরতেই আকাদেমির এই ব্যতিক্রমী প্রয়াস।

জা. অর্থনীতি/এআর