Print Date & Time : 07 November 2026 Saturday 02:14 am

ব্যালন ডি’অরে নেই ব্রাজিল, কিন্তু কেন?

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: একসময় ব্যালন ডি’অরের মঞ্চে ছিল ব্রাজিলিয়ানদের একচ্ছত্র রাজত্ব। রোনালদো, রিভালদো, রোনালদিনহো কিংবা কাকার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। কিন্তু ২০০৭ সালে কাকার জেতা শেষ সোনালি বলটির পর দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও আর কোনো সেলেসাও তারকা এই গৌরবের দেখা পাননি। সাম্প্রতিক ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ভিনিসিয়ুস জুনিয়রের শীর্ষ দশে জায়গা না পাওয়া সেই খরাকেই আরও প্রকট করে তুলেছে।

ফুটবল পরাশক্তি ব্রাজিলের এমন পতনের কারণ হিসেবে গভীর কাঠামোগত সংকটকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। সিবিএফ একাডেমির অধ্যাপক রজার মাচাদোর মতে, বর্তমান ফুটবল বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। স্পেন, ফ্রান্স, জার্মানি ও পর্তুগালের মতো দেশগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা ও আধুনিক পদ্ধতিতে কুশলী ফুটবলার তৈরিতে অনেক এগিয়ে গেছে।

অন্যদিকে, কিংবদন্তি স্ট্রাইকার রোমারিওর আক্ষেপ, শৈশবের সেই মুক্ত ‘রাস্তার ফুটবল’ ও সহজাত সৃজনশীলতার পরিবেশ হারিয়ে যাওয়ায় এখন আর আগের মতো বিশ্বমানের প্রতিভার জন্ম হচ্ছে না। অতিরিক্ত কোচিংসর্বস্ব ও কৃত্রিম পরিবেশ তরুণদের শৈল্পিক বিকাশ ব্যাহত করছে।

মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ রাজত্বে নেইমার কিংবা ভিনিসিয়ুস ছাড়া অন্য কেউ বিশ্বমঞ্চে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। বয়সভিত্তিক পর্যায় থেকে আধুনিক ফুটবলার গড়ার মূল ভিত্তি ঢেলে সাজানো এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়ন না করলে সাম্বার দেশের এই বিবর্ণ দশা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই শক্তির সোনালি অতীতের গৌরব ফিরিয়ে আনতে এখন কাঠামোগত আমূল পরিবর্তন অপরিহার্য।

জা. অর্থনীতি/এআর