Print Date & Time : 31 October 2026 Saturday 09:14 pm

৯৯ রানে অপরাজিত সাদমান, সেঞ্চুরির রোমাঞ্চকর অপেক্ষায় দল

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকে আলোকস্বল্পতার কারণে তাকে কাটাতে হচ্ছে এক দীর্ঘ রাতের অপেক্ষা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম দিনে বাংলাদেশ ৩ উইকেটে সংগ্রহ করেছে ২১৩ রান। চমৎকার ব্যাটিং করেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে না পারার আক্ষেপ শুধু সাদমানের একার নয়, গোটা বাংলাদেশ দলের। 

সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দীন জানান, পুরো দলই অধীর আগ্রহে অপেক্ষা করছে সাদমানের সেঞ্চুরির জন্য। দীর্ঘ ১৭ ইনিংস পর সেঞ্চুরির দোড়গোড়ায় থাকা এই ব্যাটার এর আগে ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করতে ব্যর্থ হলেও এবার ইনিংসটি বড় করতে বদ্ধপরিকর। কোচ মনে করেন, এই সেঞ্চুরি সাদমানের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।

এদিকে, দিনটিতে মুমিনুল হক ও তানজিদ হাসান ভালো শুরু পেলেও তা লম্বা করতে পারেননি। দীর্ঘ দিন ধরে সেঞ্চুরির খরায় ভোগা মুমিনুল আবারও থিতু হয়ে আউট হন, যা নিয়ে দলের অন্দরেও আলোচনা রয়েছে। 

তবে আপাতত মিরপুরের সব আলো কেড়ে নিয়েছে সাদমানের ৯৯ রান। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনে মাঠে নেমেই সেঞ্চুরি পূর্ণ করে নতুন ইতিহাস গড়ার হাতছানি বাঁহাতি এই ওপেনারের সামনে।

জা. অর্থিনীতি/ এআর