Print Date & Time : 28 October 2026 Wednesday 05:48 am

অমিতের ডাবল সেঞ্চুরি ও পরানের ছক্কার ঝড়, জাতীয় লিগে ঢাকার বড় জয়

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ঢাকা বিভাগ। অন্যদিকে, সিলেটের অমিত হাসান টানা তৃতীয় মৌসুমে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি চট্টগ্রামের হয়ে ১২ ছক্কায় দারুণ সেঞ্চুরি উপহার দিয়েছেন শাহ পরান।

রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে ইনিংস ও ১০৩ রানের বড় জয় পেয়েছে ঢাকা। ৫ উইকেটে ২১৫ রান নিয়ে শেষ দিন শুরু করা রাজশাহী দ্রুতই অলআউট হয়ে যায়, যা চলতি মৌসুমে দলটির প্রথম হার।

এদিকে বগুড়ায় ময়মনসিংহ ও চট্টগ্রামের ম্যাচটি ড্র হয়েছে। তবে ম্যাচটিতে ব্যাট হাতে ঝড় তোলেন শাহ পরান। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটিকে তিনি রাঙিয়ে তোলেন ১৬৬ বলে ১১ চার ও ১২ ছক্কায় অপরাজিত ১৬৩ রানের বিধ্বংসী ইনিংসে। চট্টগ্রামের ৫৯৯ রানের পাহাড়ে চাপা পড়া ময়মনসিংহ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত আলোকস্বল্পতার কল্যাণে হারের হাত থেকে রক্ষা পায়। এই রাউন্ডের অন্য ম্যাচগুলোও ড্র হয়েছে।

জা. অর্থনীতি/এআর