লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ জুলাই লালমনিরহাট সদর উপজেলার দক্ষিণ শিবেরকুটি এলাকায় ৫ বছরের এক শিশু রক্তাক্ত অবস্থায় কান্না করতে করতে বাড়িতে আসে।
এ সময় ভিক্টিম শিশুটির মাকে সে জানায়, প্রতিবেশী আলমগীর হোসেন চকলেট দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে গুরুতর অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিক্টিমের বাবা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আলমগীর হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করেন আদালত।
রায়ে সন্তুষ্ট হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, আমরা ন্যায়বিচার পেয়েছি। এ ঘটনাটি একটি লোমহর্ষক ঘটনা, বিজ্ঞ আদালত ন্যায়বিচার করেছেন। এমন রায়ে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে।
—জা.অর্থনীতি/এনজে