জাতীয় অর্থনীতি স্পোর্টস: সৌদি আরবের রিয়াদে চলমান নিরাপত্তা উদ্বেগের কারণে এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমস স্থগিত করা হয়েছে। আগামী বছর মার্চ-এপ্রিলে টুর্নামেন্টের নতুন সূচি নির্ধারণ করায় ঠিক একই সময়ে সূচিত পাকিস্তানের দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস নিয়ে নতুন করে চরম সংশয় তৈরি হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার এক জরুরি অনলাইন বৈঠকে আয়োজক দেশ সৌদি আরবের প্রস্তাবে আগামী বছর ২৮ মার্চ থেকে ৭ এপ্রিল নতুন সূচি মেনে নেন এশিয়ার অলিম্পিক অ্যাসোসিয়েশনগুলোর সভাপতিরা। তবে ৩ থেকে ১১ এপ্রিল পাকিস্তানে এসএ গেমস আয়োজনের কথা থাকায় দুটি বড় আসর একই সময়ে মুখোমুখি এসে দাঁড়িয়েছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা জানান, সময়সূচির এই সাংঘর্ষিকতার কারণে যেকোনো একটি গেমসের তারিখ পরিবর্তন করা ছাড়া বিকল্প নেই।
২০১৯ সালের কাঠমান্ডু আসরের পর থেকে একাধিকবার পিছিয়ে শেষ পর্যন্ত ২০২৭ সালের এপ্রিলে নির্ধারিত হয়েছিল এসএ গেমস। কিন্তু মার্শাল আর্ট গেমসের সূচি পেছানোর এই ধাক্কায় আবার ঘোর অনিশ্চয়তায় পড়ল দক্ষিণ এশিয়ার ক্রীড়াজগতের এই বৃহৎ আসর।
জা. অর্থনীতি/এআর