Print Date & Time : 26 October 2026 Monday 11:56 pm

এসসিএলে ১ দিনে ২ ওপেনারের ডাবল সেঞ্চুরি

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে দারুণ এক রেকর্ড গড়েছেন দেশের দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলাম। একই দিনে জোড়া ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জাতীয় দলের নির্বাচকদের নজর কেড়েছেন এই দুই ব্যাটার।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকার হয়ে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিকে ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি নিয়ে যান নাঈম। ৩৬৯ বলের মহাকাব্যিক ইনিংসে ২১টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৮২ রান করে আউট হন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।

অন্যদিকে, বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে ময়মনসিংহের হয়ে অপরাজিত ২১৭ রানের দারুণ এক ইনিংস খেলেন মাহফিজুল ইসলাম। ৩৫১ বলের এই ইনিংসে ২০টি চার ও ২টি ছক্কা হাকান ২২ বছর বয়সী এই তরুণ। দল ইনিংস ঘোষণা করায় অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের আগে এই দুই ওপেনারের এমন রান পাওয়া দেশের ক্রিকেটের জন্য দারুণ ইতিবাচক দিক।

এছাড়া কক্সবাজারে অন্য ম্যাচে সিলেট বিভাগের হয়ে শতক হাঁকিয়েছেন জাকির হাসান। জাতীয় ক্রিকেট লিগের এমন জমজমাট পারফরম্যান্সে ঘরোয়া ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা এখন তুঙ্গে।

জা. অর্থনীতি/এআর